কাশ্মীরে জাতিসংঘের প্রতিনিধি যাওয়া উচিত : ফিনল্যান্ড

কাশ্মীরে জাতিসংঘের প্রতিনিধি যাওয়া উচিত : ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরে জাতিসংঘের প্রতিনিধি যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্তো। ভারতের জনপ্রিয় পত্রিকা ‘দ্য হিন্দু’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি কাশ্মীর ঘুরে সেখানের অবস্থা স্বাভাবিক, এমন দাবি করেছে ইউরোপিয়ান সংসদের একদল সাংসদ। সেই দাবির সত্যতা বিষয়ে মন্তব্য করতে গিয়ে কাশ্মীরে জাতিসংঘের প্রতিনিধি দল আনার প্রস্তাব রাখেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘যারা কাশ্মীরে যাচ্ছেন ও সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলছেন, আমি তাদের সমালোচনা করছি না। কিন্তু আমার মতে, যারা কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে অবগত আছেন, তাদেরই এ বিষয়ে কথা বলা উচিত। ব্যক্তিগতভাবে আমি জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট ছিলাম বহু দিন। তাই জাতিসংঘের পর্যবেক্ষণকেই আমার নিরপেক্ষ মনে হয়।’

কাশ্মীর সমস্যার সমাধানেও ফিনল্যান্ডের ভূমিকা কেমন হতে পারে, প্রশ্ন করা হয় হাভিস্তোকে৷ উত্তরে তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। কাশ্মীরের মতো অন্যান্য দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে আমরা দেখেছি কীভাবে ফিনল্যান্ডের পিসকিপাররা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুই পক্ষ সংলাপে আগ্রহী হয়ে তৃতীয় পক্ষকে আমন্ত্রণ জানালে তখন তা বিবেচনা করা যাবে।’

উল্লেখ্য, ফিনল্যান্ডের মন্ত্রীর মন্তব্যে কোনো উত্তর এখনও ভারতীয় কর্তৃপক্ষ দেয়নি। জাতিসংঘের প্রতিনিধি আনা নিয়েও কোনো উচ্চবাচ্য করেনি ভারত।

আগের সংবাদইয়েমেনে হুতি বিদ্রোহীদের ড্রোন ও মিসাইল হামলা, নিহত ৮
পরবর্তি সংবাদপদত্যাগ নিয়ে কথা না বললে আলোচনায় বসার দরকার নেই : মাওলানা ফজলুর রহমান