কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা, মমতা ও মেহবুবার তীব্র নিন্দা

কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা,  মমতা ও মেহবুবার তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরে আরও পাঁচ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন কামরুদ্দিন শেখ, মুর্শিনাম শেখ, রফিক আহমেদ শেখ, নইমুদ্দিন ও রফিকুল আলম। শ্রমিকেরা সবাই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার ব্রাহ্মণী গ্রামের বাসিন্দা ছিলেন। এছাড়াও আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মাত্র একদিন আগেই কাশ্মীরে সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। তারপরেই এই হামলার ঘটনা ঘটল।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কাশ্মীরে যেভাবে নিরপরাধ শ্রমিকদের মারা হয়েছে, তাতে আমি স্তম্ভিত। নিহত শ্রমিকেরা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। কোনো রকমের সান্ত্বনা নিহত পরিবারের শোক কমাতে পারবে না। নিহত পরিবারকে রাজ্য সরকার সাহায্য করবে।’

অন্যদিকে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই ঘটনার নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় বলেছেন, ‘ভয়ংকর ঘটনা। উপত্যকায় নিরাপত্তাব্যবস্থা কেমন, তা ভেবে দেখা উচিত। ৩৭০ ধারা বিলোপের পর হামলা বন্ধ হয়ে যাওয়ার বদলে হামলা বেড়েই চলেছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই উপত্যকায় ট্রাক চালক এবং শ্রমিকরা হামলার শিকার হচ্ছেন। এর আগে গত সোমবার অনন্তনাগ এলাকায় উদমপুর জেলা থেকে আসা এক ট্রাক চালককে গুলি করে হত্যা করা হয়।

আগের সংবাদঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম এবং ‘খ’ ইউনিটে ৫ম তামীরুল মিল্লাতের আব্দুল্লাহ
পরবর্তি সংবাদদাওরায়ে হাদীস পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা