কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে ফোন করলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতের ঘোষণা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার পরিষ্কার লঙ্ঘন।

ভারত কাশ্মীর থেকে ধারা ৩৭০ তুলে দেয়ার পরই ইমরান খানকে টেলিফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ফোনালাপে তখন ইমরান খান নিজের মতামত ব্যক্ত করে এ কথা বলেন।

এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। এই অধিবেশনের ফাঁকে তিনি ইমরান খানের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন।

এর আগে, ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো ধরণের লড়াইয়ে কাশ্মীরি জনগণকে রাজনৈতিক,কূটনৈতিকসহ সর্বপ্রকারের সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান।

প্রসঙ্গত, ভারতের সংবিধানের ৩৫-ক ধারা ও ৩৭০ অনুচ্ছেদ কাশ্মীরকে যে মর্যাদা দিয়েছে তা বাতিল করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। সোমবার সকালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব করেন। সংসদের অনুমোদনের পরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্রস্তাবে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির সইয়ের সঙ্গে সঙ্গেই কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেয়া ৩৭০ ধারা বিলুপ্ত হল। সেই সঙ্গে একটি স্বায়ত্বশাসিত রাজ্যের মর্যাদাও হারাল কাশ্মীর।

আগের সংবাদকাশ্মীরের গৃহবন্দি সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেফতার
পরবর্তি সংবাদকাশ্মীরে ৩৭০ ধারা রদের প্রতিবাদে খেলাফত যুব মজলিস ও ঢাবি শিক্ষার্থীদের মিছিল