কাশ্মীর ইস্যুতে একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত : চীন

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও চীন ওই বৈঠক থেকে একটি বিবৃতি দেওয়ার প্রস্তাব তুলেছিল। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এবং অস্থায়ী সদস্য জার্মানি এ ধরনের বিবৃতি দেওয়ার বিরোধিতা করে। তারা বলে, এ ধরনের কোনো বিবৃতি দিতে হলে তা সর্বসম্মতিক্রমে দেওয়া উচিত। পরে কোনো বিবৃতি দেওয়া হয়নি। খবর রয়টার্স।

নিরাপত্তা পরিষদের এই বৈঠকে ভারত ও পাকিস্তানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্য রাষ্ট্রই এই আলোচনায় অংশ নিয়েছে।

বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেছেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান উভয়েরই কাশ্মীর ইস্যুতে একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এরই মধ্যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক। অন্যদিকে, রুদ্ধদ্বার আলোচনায় অংশ নেওয়ার আগে রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সাংবাদিকদের বলেন, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয়। তিনি জানান, এই বৈঠকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা কাশ্মীর বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবে এবং এ ব্যাপারে মতবিনিময় করবে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

এদিকে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনার পর জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, জম্মু-কাশ্মীর সম্পর্কিত বিষয়ে দেশটির রাষ্ট্রীয় অবস্থান হলো, এটি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোদি বলেছেন, কয়েক দশকের মধ্যে এই প্রথম কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক হলো। এ বৈঠকই পাকিস্তানের শেষ পদক্ষেপ নয়। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের এই বৈঠক কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আগের সংবাদহজের ফিরতি ফ্লাইট শুরু আগামীকাল শনিবার
পরবর্তি সংবাদবাসের ধাক্কায় প্রাইভেট কার খাদে, নিহত ৪