
আন্তর্জাতিক ডেস্ক
ভারত-পাকিস্তানের মধ্যে বিবাদমান কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার বিষয়টি নিয়ে আগ্রহ দেখালেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বিষয়টি নিয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, দুই দেশের নেতারা সম্মত হলে আমি মধ্যস্ততা করতে রাজি আছি।
এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে অনুরোধ করেছেন কাশ্মির সঙ্কটে মধ্যস্ততা করতে। যদিও ভারতের পক্ষ থেকে এমন দাবির কথা অস্বীকার করা হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতের অস্বীকারের বিষয়টি তোলা হলে ট্রাম্প পাল্টা জানতে চান, তারা আমার প্রস্তাব গ্রহণ না প্রত্যাখান করেছে?
‘প্রত্যাখান করেছে’ জবাব এলে ট্রাম্প বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্ভর করছে। আমি প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠক করেছি। তার সাথে দারুণ আলোচনা হয়েছে। আমার মনে হয় খান ও মোদি দুজনেই দারুণ মানুষ। তারা সফলভাবে অগ্রসর হতে পারবেন।
