ফাতেহ ডেস্ক :
দৈনিক প্রথম আলোর কিশোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র নাইমুল আবরার রাহাত (১৫) নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর বিষয়টি আলোচনা হয়েছে। একজন ছাত্র যে অসহায়ভাবে মৃত্যুবরণ করেছে, বেশ কয়েকজন এ বিষয়টি উপস্থাপন করেছেন। সবাই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, একটা স্কুলে কিশোরদের নিয়ে যখন এ ধরনের প্রোগ্রাম করবে, তখন সেখানে ইলেকট্রিক নিরাপত্তা আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। অনুষ্ঠানের জন্য যে বিদ্যুতের তার টানানো হয়েছিল সে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়েই আবরার মারা গেছে। এখানে আয়োজকদের গাফিলতি ছিল কিনা সে বিষয়টি আলোচনায় এসেছে। সবাই অত্যন্ত মর্মাহত হয়েছেন যে, একটা ছেলে মারা যাওয়ার পরও কীভাবে অনুষ্ঠানটি চালিয়ে যাওয়া হয়েছে!
–
