
আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ’র কথামতো দ্রব্যমূল্য বৃদ্ধি ও নতুন করে কর বৃদ্ধির প্রতিবাদে টানা কয়েক দিনের উত্তাল বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
গত মাসে জর্ডানের সরকার একটি আয়কর আইনের খসড়া প্রস্তাব করে। আইনটি এখন সংসদে পাস হয়নি। এই আইনে ব্যক্তিগত আয়কর ৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন কোম্পানিগুলোর ওপর ২০ থেকে ৪০ শতাংশ হারে কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। গত কয়েক বছরের জর্ডানে এটাই বড় ধরনের বিক্ষোভ।
কেই এই বিক্ষোভ ?
পর্যবেক্ষকরা বলছেন, জর্ডানে গত কিছুদিনে দুটি বিশেষ ঘটনা ঘটেছে। কুদসে আমেরিকান দূতাবাস স্থানান্তর বিষয়ক সৌদি, মিসর, ইজরাইল ও আমেরিকার চুক্তি প্রত্যাখ্যান ও আয়কর আইন খসড়া প্রস্তাব। বাহ্যত এই দুটির মধ্যে কোন সম্পর্ক দেখা না গেলেও আদতে তারা পরস্পর সম্পর্কযুক্ত।
জর্ডানে যথেষ্ট পরিমাণ খনিজ সম্পদ নেই, বাণিজ্যিকভাবেও দেশটি শক্তিশালী নয়। বৈদেশিক সাহায্যের ওপরেই তাদের অনেকাংশে নির্ভর করতে হয়। আমেরিকার সাথে কূটনৈতিক বিবাদে জড়িয়ে পড়ায় জর্ডান এই বৈদেশিক সাহায্যের অনেকটাই হারিয়েছে।
শুধু সৌদি আরবই এই বছর প্রায় আড়াই শো মিলিয়ন ডলারের সাহায্য স্থগিত করেছে। ইজরাইলেরও জর্ডানের সাথে কৌশলগত স্বার্থ আছে। ফলে তারা কিছুদিন আগ পর্যন্ত জর্ডানকে একটা কূটনৈতিক সাহায্য দিয়ে আসলেও দূতাবাস স্থানান্তরের ঘটনায় জর্ডানের প্রতিক্রিয়ায় তারাও নড়েচড়ে বসেছে।
গতমাসে জর্ডানের বাদশা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করায় ক্ষোভে ফেটে পড়েছে আমেরিকা-ইজরাইলি পক্ষ।
কি ভাবছে জর্ডান?
আমেরিকান দূতাবাস স্থানান্তর ও শতাব্দী-চুক্তির বিরোধিতা করে আসছিলো জর্ডান। কেননা জর্ডানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নাগরিকের বাস। ফিলিস্তিন সঙ্কটের সাথে প্রত্যক্ষভাবে জর্ডান জড়িত। ফলে ফিলিস্তিনে বড় কোন সঙ্কটে জর্ডান আক্রান্ত হবেই। এসব কারণেই আমেরিকার প্রস্তাবে রাজী হচ্ছেনা জর্ডান। তাতেই কমছে বৈদেশিক সাহায্য।
পর্যবেক্ষকরা মনে করেন, জর্ডানকে নিজের পায়ে দাড়াতে শিখতে হবে। বর্তমান অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সঙ্কট তাদের জন্য একটি পরীক্ষা। এই পরিক্ষাই জর্ডানের ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে।
আল জাজিরা ও বিভিন্ন সংবাদ সংস্থা
