
ফাতেহ ডেস্ক:
কুমিল্লায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ৫ যাত্রী।
আজ ( শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টারলাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসচালক ও এক নারী যাত্রী মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানান, মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলেও জানান তিনি।
