
ফাতেহ ডেস্ক:
কুরবানির ঈদকে টার্গেট করে প্রতিবছরের মতো এবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। পাইকারিতে দাম কমলেও অতি মুনাফার লোভে খুচরা বিক্রেতারা এক দিনের ব্যবধানে কেজিতে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম বাড়িয়েছে সর্বোচ্চ ৫ টাকা।
সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্যতালিকায় মঙ্গলবার দাম বাড়ার এ চিত্র দেখা গেছে।
সংস্থাটি বলছে, এক দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। আর প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১০ শতাংশ। এছাড়া প্রতি কেজি জিরার দাম বেড়েছে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি ও কুরবানির ঈদকে ঘিরে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে বিশেষভাবে বাজার তদারকি করা হচ্ছে। যেসব পণ্যের দাম বেড়েছে, অতি দ্রুত তার কারণ বের করা হবে।
