কেন ৬ হাজার সৌদি একাউন্ট বন্ধ করল টুইটার

আন্তর্জাতিক ডেস্ক :

মনস্তাত্ত্বিক যুদ্ধে টুইটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগে সৌদি আরবের ৫৯২৯টি একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। শুক্রবার এক ঘোষণায় টুইটার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর আল জাজিরা।

টুইটারের ঘোষণায় বলা হয়েছে, এসব বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে বহু সৌদি সরকারি কর্মকর্তার অ্যাকাউন্টও রয়েছে। সৌদি সরকারের মনস্তাত্ত্বিক যুদ্ধে টুইটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া একাউন্টগুলোর প্রধান ভাষা আরবি হলেও এগুলোতে পশ্চিমা পাঠকদের জন্য ইংরেজিতে বিভিন্ন পোস্ট দেয়া হতো। সেগুলোতে সৌদি সরকারের বিভিন্ন প্রচারণা ছড়ানো হতো। তারা বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে সৌদি আরবের ‘সামাআত’ কোম্পানিকে খুঁজে পেয়েছে এবং এই কোম্পানির ব্যবহৃত সব টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের দপ্তর প্রধান বাদ্‌র আল-আসাকার ওই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং তার বিরুদ্ধে টুইটারে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

টুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা মনে করছে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পাশ্চাত্যে যে আলোচনা চলছে সৌদি আরবের এসব একাউন্ট থেকে সে প্রক্রিয়ার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক অপপ্রচার রুখতে টুইটারের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কার্যক্রমটি শুরু হয়েছে। গত আগস্টে হংকং বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ২ লাখ চীনা অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ।

আগের সংবাদবিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ রোহিঙ্গা
পরবর্তি সংবাদপারভেজ মোশাররফকে ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিলেন বিজেপি নেতা