
ফাতেহ ডেস্ক
উঠতি মডেল, সমাজসেবী এবং ইউটিউবার শাফিন আহম্মেদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ‘সমাজসেবার’ ভিডিও ফেসবুকে ছড়িয়ে অনেকের কাছেই জনপ্রিয় তিনি। পাশাপাশি মিরপুর-১১ নম্বরে শাফিনস ইংলিশ লার্নিং ইনস্টিটিউটের মালিক ও শিক্ষক তিনি।
তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে , ‘আট বছর ধরে নিজের ইনস্টিটিউটের ছাত্রী, শিক্ষিকা ও অফিস সহকারীদের যৌন হয়রানি, শারীরিক লাঞ্ছনার মতো কুকীর্তি করেছেন শাফিন। আলাদা আলাদাভাবে যৌন হয়রানির বয়ান দিয়েছে ভুক্তভোগীরা।
এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়েও হুমকি পেয়েছেন এক তরুণী। শুক্রবার ঢাকার পল্লবী থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন তিনি।
জিডিতে তরুণী উল্লেখ করেন, আমিসহ কয়েকজন ২০১২ সাল থেকে মো. শাফিন আহম্মেদের শাফিনস ইংলিশ লার্নিং একাডেমিতে পড়তাম। সেখানে সাফিন আমাকেসহ অনেক ছাত্রীকে খারাপ প্রস্তাব দিত। আমি শাফিনের প্রস্তাব প্রত্যাখ্যান করি। গত ২৩ জুন তার হয়রানির প্রতিবাদ করে ফেসবুকে একটি লাইভ ভিডিও স্ট্রিমিং করি। সে কারণে শাফিন ও তার অফিস সহকারী ফেসবুকে বিভিন্ন ফেক আইডি দিয়ে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। তারা আমার বড় ধরনের ক্ষতি করতে পারে এ আশংকায় আমি জিডি করি।
জিডিটি তদন্তের দায়িত্ব পেয়েছেন পল্লবী থানার এসআই আরিফ হোসেন। তিনি বলেন, ‘জিডির তদন্ত চলছে। আমরা বাদীর সঙ্গে কথা বলবো এবং অভিযোগ তদন্ত করে দেখবো।’
ওই তরুণী ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কয়েকজন তরুণী শাফিনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।
শাফিনের কোচিং সেন্টারে কর্মরত আরেকজন তরুণী বলেন, “একদিন কোচিং সেন্টারের এক কোণে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমার সংবেদনশীল জায়গায় স্পর্শ করে। আমাকে বাজে বাজে কথা বলে। আমি প্রতিবাদ করলে সে বলে, ‘মজা নাও’।”
তবে সম্প্রতি ফেসবুক লাইভে শাফিন দাবি করেন, তিনি কাউকে ‘সেক্সুয়ালি হ্যারেজ (যৌন হয়রানি)’ করেননি।
