আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশের কোনো লোক সাঁতার কেটে সমুদ্র পাড়ি দিয়ে ইটালি যেতে হলেও ভারতে আসতে চাইবে না বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি বলেন, এখানকার কিছু রাজনৈতিক দল অভিবাসনের রাজনীতি করছে। বাংলাদেশকে নিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলে এতটা সমালোচনা হওয়ার কারণ হলো, আমাদের দেশের কথিত অবৈধ অভিবাসী। কিন্তু আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে, আমাদের দেশের কোনো লোক সাতার কেটে সমুদ্র পাড়ি দিয়ে ইটালি যেতে হলেও ভারতে আসতে চাইবে না। বাংলাদেশের নাগরিকরা এমন দেশে যাবে যেখানে সে বেশি আয় করতে পারবে। কিন্তু ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে খুব বেশি নয়।
মঙ্গলবার প্রেসক্লাব অব ইন্ডিয়ায় এক বিদায়ী সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, মোয়াজ্জেম আলী বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং সম্প্রতি ভারতীয় সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ-রাম জন্মস্থান মামলায় যে রায় দিয়েছে, ভারতের এমন অভ্যন্তরীণ ইস্যুতে বাংলাদেশ মন্তব্য করতে চায় না। তবে সমাজে কট্টরপন্থা ও চরমপন্থা বৃদ্ধির ব্যাপারে ভারতকে হুঁশিয়ার করে দিচ্ছে।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ থেকে গত বছর ২.৮ মিলিয়ন পর্যটক ভারত এসেছে। কেউ যদি ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত সময় অবস্থান করে তাকে খুঁজে বের করার ম্যাকানিজমও রয়েছে। এসময় ভারতের নির্বাচনী মওসুমে কথিত বাংলাদেশী অবৈধ অভিবাসী ইস্যুটি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
