ফাতেহ ডেস্ক :
কোনো মাদরাসা জঙ্গি তৈরি করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন ২০১৯-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো মাদরাসা জঙ্গি তৈরি করে না। কেননা ইসলামে এটার কোনো স্থান নেই। তাছাড়া বিশ্বের কোনো ধর্মেই মানুষ হত্যাকে বিশ্বাস করে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ছেলে মেয়ে যেন নিঃসঙ্গতা, বিষণ্নতা ও একাকীত্বে না ভোগে। তাদের বিভিন্নভাবে যুক্ত করতে হবে। তাহলে তাদেরকে আমরা জঙ্গিবাদের মতো মতবাদ বা চিন্তা-ভাবনা থেকে দূরে রাখতে পারবো। আমি সবাইকে অনুরোধ করবো ইন্টারনেটে কোনো কিছু দেখে সহজে বিশ্বাস না করতে। শুধুমাত্র নিশ্চিত হলেই সেটা বিশ্বাস করা উচিত। নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে আমি বিশ্বাস করবো কি করবো না।’
প্রসঙ্গত, দুই দিনব্যাপী এ সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), ইউএসএইড ও জাতিসংঘ।
