
ফাতেহ ডেস্ক:
খাদ্যঘাটতিতে থাকা বিশ্বের ৪৫টি দেশের তালিকায় আবারও এসেছে বাংলাদেশের নাম। ওই তালিকায় আফ্রিকার ৩৩টি, এশিয়ার ৯টি, লাতিন ও ক্যারিবীয় অঞ্চলের ২টি এবং ইউরোপের একমাত্র দেশ হিসেবে ইউক্রেনের নাম রয়েছে। উৎপাদন ও আমদানি হ্রাস এবং খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির কারণে এসব দেশকে খাদ্যঘাটতির তালিকায় রেখেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
জাতিসংঘের এই সংস্থা চলতি মাসে ‘শস্য উৎপাদনের সম্ভাবনা এবং খাদ্য পরিস্থিতি’ শীর্ষক ওই প্রতিবেদনটি ৪ ডিসেম্বর প্রকাশ করেছে। তিন মাস পর পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
এফএওর প্রতিবেদনে বাংলাদেশের নাম তালিকায় যুক্ত হওয়ার কারণ হিসেবে অর্থনৈতিক সংকট, রোহিঙ্গাদের খাদ্যের জোগান, বন্যার কারণে ফসল উৎপাদন হ্রাস এবং খাদ্যের আমদানি খরচ ও মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করা হয়। এই তালিকায় ২০২১ সাল থেকে বাংলাদেশের নাম রয়েছে।
বাংলাদেশে খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে অন্যতম চাপ হিসেবে বৈশ্বিক খাদ্যশস্যের মূল্যবৃদ্ধিকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে আটা ও ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অন্যান্য আমদানিনির্ভর খাদ্যের দামও বাড়তির দিকে। বন্যা ও অনাবৃষ্টির কারণে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে খাদ্যের উৎপাদন দশমিক ৪ শতাংশ কম হয়েছে। ২০২১ সালে ধান, গম, ভুট্টাসহ দানাদার খাদ্য উৎপাদিত হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টন। চলতি বছর তা কমে ৬ কোটি ২৩ লাখ টন হয়েছে।
