
ফাতেহ ডেস্ক
অসুস্থতার কারণে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আদালতের কার্যক্রম শুরুর পর কারা-কর্তৃপক্ষ বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি লিখিতভাবে আদালতকে জানায়।
আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বকশিবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় মামলার কার্যক্রম। ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালতে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। খালেদা জিয়া অনুপস্থিত থাকায় এ মামলার অভিযোগ গঠনের শুনানি ১৭ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন বিচারক।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে এ মামলা করে দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
