
ফাতেহ ডেস্ক
অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করা হয়নি। সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ, কিন্তু আজকে জনগণের সেই অধিকার নেই বলে দাবি করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
তাদের অধিকার ফিরিয়ে আনতে ঝুঁকি নিয়ে আন্দোলন করতে হবে বলেও জানান তিনি। রোববার (০৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের ১১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। একবছর মেয়াদী এই কমিটিতে আবারও সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ ড. রেজা কিবরিয়াকে নির্বাচিত করা হয়েছে।
সভাপতি পরিষদে আছেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অ্যাডভোকেট আব্দুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান, আমসা আমিন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসিন ঘোষ, অ্যাডভোকেট শফিক উল্লাহ, মেসবাহ উদ্দীন আহমেদ ও অ্যাডভোকেট মোহাম্মদ জানে আলম।
গত কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়া, ১১১ সদস্যের নতুন কমিটিতে কোষাধ্যক্ষ, তথ্য ও গণমাধ্যম সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ খালি রয়েছে।
