
আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজার অধিবাসীদের হজ পালনের জন্য নানান ঝামেলা পোহাতে হয়। এবার সেই ঝামেলার দিন শেষ হচ্ছে। ফিলিস্তিনি হজযাত্রীদের নিরাপদে হজ পালন করানোর জন্য কায়রো আন্তর্জাতিক বিমান বন্দরের সঙ্গে প্যালেসটাইন এয়ারওয়েজ-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, হজযাত্রীরা অতি সহজেই কায়রো বিমানবন্দর থেকে মদিনায় পৌঁছে যাবেন। খবর কলমের।
হানিফ ট্র্যাভেল এজেন্সির মালিক মুহাম্মদ আবদেল বারি জানিয়েছেন, এ বছর থেকে ফিলিস্তিনি হজযাত্রীদের মক্কা ও মদিনা পৌঁছাতে অসুবিধার মুখে পড়তে হবে না। অতি সহজে কম সময়ের মধ্যে তারা সেখানে পৌঁছে যেতে পারবেন। আমরা মিসর ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে চলছি। তার ফলে হজযাত্রীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। কেবল মাত্র প্রথম চেক পোস্টেই তাদের চেকিং-এর সামনে পড়তে হবে। তারপর তারা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সিনাইয়ের অন্য চেকপয়েন্টগুলোকে সহজেই অতিক্রম করতে পারবেন।
ফিলিস্তিনি বিমান সংস্থার এক শীর্ষ কর্মকর্তা রামাদান বারঘৌটি বলেন, ফিলিস্তিনি কোম্পানি হজযাত্রীদের সুবিধার জন্য মিসরের বিমান সংস্থা ইজিপটএয়ার-এর কাছ থেকে আধুনিক বিমান ভাড়া করেছে। এই বিমানগুলো মাধ্যমে যাত্রীরা নিরাপদভাবে হজে যাওয়া-আসা করতে পারবেন। এছাড়া থাকার ব্যবস্থাও করা হয়েছে। ফলে প্রতি হজযাত্রীর ৩,৯৪২ ডলার খরচ হবে।
উল্লেখ্য ২৫ জুলাই থেকে গাজার নাগরিকদের হজযাত্রা শুরু হয়েছে। তারা ১৮ আগস্ট ফিরবেন। ফিলিস্তিনি পর্যটনমন্ত্রী জানিয়েছেন, এবছর গাজা থেকে প্রায় ৩০০০ গাজাবাসী হজযাত্রা করছেন। তাদের জন্য আরবে থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
