
ফাতেহ ডেস্ক
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একই মালিকের পাশাপাশি দুটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর দগ্ধ ১৫ জনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। স্থানীয় হাসপাতালে বাকি দুই জনের চিকিৎসা চলছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, রাত দুইটার দিকে বোর্ড বাজারের বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাংলার রাঁধুনি রেস্টুরেন্টটি ও এর পার্শ্ববর্তী তৃপ্তি হোটেলের একাংশ ধ্বসে যায় ও চূর্ণবিচূর্ণ হয়। এতে অন্তত ১৭ জন দগ্ধ হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুই জনকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে রয়েছেন রিক্সাচালক মো. আলমগীর হোসেন (৩০), রাধুনী রেস্টুরেন্টের কর্মচারী মো. জহির হোসেন (২২), নাজমুল হোসেন (২৩), জোবায়ের হোসেন (১৬), আলামিন হোসেন (৩২), শুকুর আলী (২০)। তৃপ্তি হোটেলের দগ্ধ কর্মচারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর হোসেন (২০), আরিয়ান হোসেন (১৮), মো. বাসার (২২), মাসুদ মৃধা (৪৫), সুফিয়ান (১৫), মনির হোসেন (২৫), আরিফ হোসেন (১৫), মারুফ হোসেন (২৯)। বিস্ফোরণে এক অজ্ঞাত পুরুষও (৩৮) গুরুতর আহত হয়েছেন।
