ফাতেহ ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকার সবকয়টি মসজিদে দায়িত্বরত ইমাম-মুয়াজ্জিনদেরকে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মাসিক সম্মানীসহ একাধিক বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চত্বরে গাজীপুর সিটি করপোরেশনের ইমাম-খতিব ও উলামা-মাশায়েখদের সমাবেশে আজ বুধবার সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
মেয়র বলেন, গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মসজিদের ইমাম-খতিবদের তালিকা করা হচ্ছে। তাঁদেরকে প্রতি মাসে বিশেষ সম্মানী প্রদান করা হবে।
তিনি বলেন, গাজীপুর সিটির সুবিধাজনক একটি স্থানে ইমাম-খতিবদের জন্য দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগও আমরা গ্রহণ করেছি। ইমাম সাহেবদের জন্য সেখানে কুরআন-হাদিস নিয়ে গবেষণা করার সুযোগ থাকবে।
এ ছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে কবরস্থান এবং মসজিদের পাশে একটি করে মাদরাসা নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।
ইমামদের হজপালনের জন্য বার্ষিক বাজেট করে দেয়া হবে জানিয়ে মেয়র বলেন, ইমাম-খতিবদের জন্য একটি ফান্ড গঠন করা হবে। সেখান থেকে অসুস্থ ইমাম-খতিবদের চিকিৎসাসহ প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে।
ইমাম-খতিবদের নিজ নিজ মসজিদে নগরীতে ময়লা-আবর্জনা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরামর্শ ও বক্তব্য রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা মাসউদুল করিম, মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, মাওলানা মুনির হোসাইন আব্বাসী, হাফেজ মাওলানা মুজিবুর রহমান মাহমুদী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা সামসুদ্দিন খন্দকার ও মাওলানা হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।
সমাবেশে গাজীপুর সিটিভুক্ত এলাকার মসজিদের ইমাম-খতিব, বিভিন্ন মাদরাসার মুহতামিমসহ আলেম-উলামারা উপস্থিত ছিলেন।
