
ভারতের গুজরাট রাজ্যের সুরাটে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ ছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কয়েকজন ছাত্রকে শহরটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তক্ষশিলা কমপ্লেক্সে অবস্থিত একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এদিকে আগুনের এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তক্ষশিলা কমপ্লেক্স নামের চারতলাবিশিষ্ট ভবনটির সবচেয়ে ওপরের দুটি তলায় গতকাল বিকেলের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় সেখানে আটকা পড়া ছাত্ররা নিজেদের প্রাণ বাঁচাতে জালনা দিয়ে নিচে ঝাঁপ দিতে শুরু করে। সংবাদমাধ্যম জানায়, মারা যাওয়া এসব শিক্ষার্থীর বেশির ভাগের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।
সরকারি কর্মকর্তারা জানান, গতকাল ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগলেও কিভাবে এর সূত্রপাত সে বিষয়ে কিছুই জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে এ ঘটনায় যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে মারা যাওয়া ছাত্রদের পরিবারের জন্য চার লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে তারা। সূত্র : এনডিটিভি।
