
ফাতেহ ডেস্ক
বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার আগুনে পুড়লো গুলশান-একের ডিএনসিসি মার্কেট। ভোর পৌনে ৬টার দিকে মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে, ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২০১৭ সালের তিন জানুয়ারিতে আগুনে পুড়ে যায় ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার। দুই বছরের মাথায় আবারো সেখানেই আগুন।
এখানকার বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আগুনের সূত্রপাত। আগুনের খবর পেয়েই ছুটে আসেন দোকানমালিক ও কর্মচারীরা। কিন্তু কোনো মালপত্র বের করতে পারেননি তাঁরা।
আগুনে পুরো মার্কেট কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এতে উদ্ধার কাজে কর্মীদের কিছুটা বেগ পেতে হয়। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। এগিয়ে আসে সাধারণ মানুষও।
ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম দাবি করেন, মার্কেটের সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত।
আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কোনো হতাহতের খবরও আসেনি।
