
ফাতেহ ডেস্ক
বাগেরহাটের শরণখোলা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুরুল আমীনের বিরুদ্ধে। উপজেলার উত্তর আমড়া গাছিয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এরপর থেকে নুরুল পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূ লাকি বেগম (২৮) শরণখোলা উপজেলার কালিবাড়ি এলাকার খলিলুর রহমান হাওলাদার মেয়ে।
শরণখোলা থানার তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার গভীর রাতে নুরুল আমীন তার স্ত্রী লাকি বেগমকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
ওসি মফিজুর রহমান আরও জানান, নুরুল আমীন ভারতের ব্যাঙ্গালুরে কাজ করে। বুধবার ব্যাঙ্গালুর থেকে বাড়িতে আসেন তিনি। গভীর রাতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর দুই ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নিহত লাকির বড় ভাই নুরুল ইসলাম বাদি হয়ে নুরুল আমীনকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) সুদেব কুমার পাল জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলিং ফ্যানের লোহার রড উদ্ধার করা হয়েছে। আসামি ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
এলাকাবাসী জানান, আট বছর আগে পারিবারিকভাবে পার্শবর্তী উত্তর আমড়া গাছিয়া গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে নুরুল আমীনের সাথে লাকির বিয়ে হয়। বিয়ের পর লাকির বাবা তার মেয়ের জামাইকে প্রতিষ্ঠিত করতে নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন।
