গোমূত্র ও গোবরের ব্যবসায় তরুণদের উদ্যোগী করতে বিজেপি সরকারের বিশেষ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে গোমূত্র এবং গোবরের ব্যবসায় তরুণদের উদ্যোগী ও উৎসাহিত করতে বিশেষ ঘোষণা জারি করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপি বলেছে, তরুণরা যদি গোমূত্র ও গোবরের ব্যবসায় উদ্যোগী হয়, তাহলে তাদেরকে সরকারের তরফ থেকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। গোমূত্র এবং গোবরের বাণিজ্যিকীকরণের লক্ষ্যে বিজেপি সরকার এই উদ্যোগ নিয়েছে বলে খবর দিয়েছে জিনিউজ।

এতে বলা হয়েছে, ‘স্টার্ট আপ ইন্ডিয়ার’ আওতায় যারা গো-সংক্রান্ত পণ্যের ব্যবসা করবেন, তাদের প্রাথমিক মূলধনের ৬০ শতাংশ সহয়তা করবে সরকার। গুজরাট প্রদেশের গান্ধীনগরে এন্টারপ্রিনিউরশিপ ডেভলপমেন্ট ইন্সটিটিউট অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে এসব কথা বলেছেন দেশটির রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভ খাতিরিয়া।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে উত্সাহ দিতে শুধু দুধ বা ঘি নয়, গরুর বর্জ্যকে কাজে লাগিয়ে ব্যবসা করলে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে। তার কথায়, ওষুধ এবং সার তৈরিতে গোমূত্র ও গোবর ব্যবহার হয়। গো-সংক্রান্ত ব্যবসায় সব ধরনের উত্সাহ দিতে কেন্দ্রীয় সরকার তৎপর রয়েছে বলে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন খাতিরিয়া।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার ফেব্রুয়ারিতে ৫০০ কোটি টাকার কামধেনু আয়োগ প্রতিষ্ঠা করে। এই আয়োগের মূল লক্ষ্য গরুর নিরাপত্তা এবং গো-সংক্রান্ত বিষয়ে নতুনত্ব ব্যবসার ক্ষেত্র তৈরি করা।

খাতিরিয়া বলেন, গোমূত্র এবং গোবর এই ব্যবসায় নতুন দিশা দেখাতে পারে। ওষুধ তৈরিতে গোমূত্রের প্রয়োজন হয় বলে দাবি তার। অত্যাধুনিক উপায়ে গোমূত্র শোধন করে কীভাবে ব্যবসা করা যায় তার প্রশিক্ষণও কেন্দ্র দেবে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে বিভিন্ন গোশালায় এ ধরনের প্রশক্ষিণ হচ্ছেও বলে জানান তিনি।

এর আগে হরিয়ানা, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে গো-পর্যটন তৈরির ঘোষণা করেন কামধেনু আয়োগের এই চেয়ারম্যান।

আগের সংবাদঅবরুদ্ধ কাশ্মীর নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল
পরবর্তি সংবাদমোদি ও ইমরান একই দিনে ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে