
আন্তর্জাতিক ডেস্ক:
আধুনিক প্রযুক্তি সম্বলিত গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইজরাইল। এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে ইজরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল-জাজিরা।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই স্যাটেলাইটের নাম ‘ওফেক ১৬’। এটি সোমবার স্থানীয় সময় ভোর ৪ টায় উৎক্ষেপিত হয়। এর দেখভাল করছে ইজরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ।
ইজরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, এখন প্রথম দিকে এই স্যাটেলাইট দিয়ে বেশ কিছু পরীক্ষা চালানো হবে। এর কার্যকরিতা সম্পর্কে নিশ্চিত হতে এসব পরীক্ষা চালানো হবে। এক সপ্তাহের মধ্যে স্যাটেলাইট থেকে ছবি আসা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
স্যাটেলাইট উৎক্ষেপণের কারণ হিসেবে কিছু উল্লেখ করেনি ইজরাইল। তবে ইজরাইলের পাবলিক রেডিওর খবরে বলা হয়েছে, আঞ্চলিক শত্রু রাষ্ট্র ইরানের পারমানবিক কর্মসূচি নজরদারি করার জন্যই নতুন এ স্যাটেলাইট ব্যবহার করবে ইজরাইল।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ জানিয়েছেন, ইজরাইলের নিরাপত্তার জন্য নতুন এই স্যাটেলাইট ছিল অপরিহার্য। আমরা ইজরাইলের নিরাপত্তার জন্য সবগুলো ফ্রন্টেই নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করে যাব।
