গ্যাসের দাম বাড়াতে গণশুনানি করতে বাধা নেই: হাইকোর্ট

ফাতেহ ডেস্ক

গ্যাসের দাম বাড়াতে গণশুনানি করতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জানিয়েছে, ক্যাবের আবেদনের ওপর আদেশ দেয়া হবে ৩১ মার্চ। শুনানিতে আদালত বলেন, গ্যাসের দাম বাড়লে বাজারে পণ্যের দামও বেড়ে যাবে। গার্মেন্ট সেক্টরে গ্যাসের ব্যবহার বেশি উল্লেখ করে আদালত বলেন, গ্যাসের দাম বাড়লে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। পেট্রোবাংলার পক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দাম বাড়ানোর পর চাইলে সংক্ষুব্ধরা আদালতে আসতে পারবে।

এর আগে সকালে, গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। গত ২০ জানুয়ারি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। ২০১৮ সালের ১৬ অক্টোবর গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যাবের আহ্বায়ক মোবাশ্বের হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন।

আগের সংবাদঐকমত্য ছাড়াই যুক্তরাষ্ট্র-তালেবান বৈঠক শেষ
পরবর্তি সংবাদসব রাষ্ট্রদূতদের ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়