
ফাতেহ ডেস্ক
কভিড সতর্কতায় বিদ্যুৎ ও গ্যাসের বিল দেয়ার সময়সীমা শিথিল করা হয়েছে। সেই সাথে বিলম্বে বিল দেয়ার ক্ষেত্রে জরিমনা মওকুফ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল-এই তিন মাস আবাসিক গ্রাহকের বিদ্যুৎ বিল দিতে দেরি হলে গুণতে হবে না জরিমানা। আর আবাসিকের গ্যাস বিলের ক্ষেত্রে তা প্রযোজ্য ৪ মাসের জন্য।
রোববার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কাছে পাঠানো হয়।
বিদ্যুৎ বিভাগের উপ-সচিব আইরিন পারভিনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গ্রাহকেরা বিভিন্ন ব্যাংক ও মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। বতর্মান কভিড সংক্রমণ এড়াতে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। এই পরিপ্রেক্ষিতে তিন মাস বিল পরিশোধের ক্ষেত্রে কোনো বিলম্ব মাশুল বা সারচার্জ দিতে হবে না।
আর জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবাসিক গ্যাস বিল পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। তাই কভিডের ঝুঁকির মধ্যে গ্রাহকদের এমন পরিস্থিতিতে যাতে পড়তে না হয় সেজন্য বিল দিতে দেরি হলে বিলম্ব ফি প্রযোজ্য হবে না।
-এ
