গ্রেপ্তার হতে পারেন পাক-জমিয়তের নেতা মাওলানা ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পতনের দাবিতে আগামী ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে এ মুহুর্তে আলোচনায় রয়েছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। ইমরান খানের পতন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এর আগেই আলেম এ রাজনীতিবিদ গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ বলেছেন, মাওলানা ফজলুর রহমান রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে দ্বন্দ্ব লাগাতে চান। কয়েকদিন আগে মাওলানা ফজলুর রহমানকে গ্রেফতারের প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি।

পাকিস্তানের একটি বেসরকারী টিভি চ্যানেলের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দেশটির সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আরিফ হামিদ ভাট্টি মাওলানা ফজলুর রহমানের পদযাত্রা সম্পর্কে সরকারের নেয়া কৌশল সম্পর্কে বক্তব্য রাখেন।

আরিফ হামিদ ভাট্টি জানান, আগামী ১৫ অক্টোবর থেকেই জোরালোভাবে এ পদযাত্রার প্রস্তুতি শুরু হবে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের প্রতিরোধ করার কৌশল নির্ধারণ করছে।

খাইবার পাখতুনখোয়া সরকারের বরাত দিয়ে তিনি জানান, মাওলানা ফজলুর রহমানকে তারা ২৭ অক্টোবর থামাতে পারবে না। তবে ১৫ই অক্টোবর থেকে মাদরাসা, বাড়ি ও বাজারে সব জায়গায় গণগ্রেফতার শুরু হতে পারে। ওয়াজিরিস্তানেও এ গণগ্রেফতার চলতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ নেতারা টিভি শোতে বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) ২৭ অক্টোবরে ডাকা ইসলামাবাদ অচল করার কর্মসূচিকে প্রধানমন্ত্রী ইমরান খান ভয় পান না।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর জানা আছে- পিপিপি এবং পিএমএল-এন এমন ভান করছে যে তারা ইসলামাবাদ অচলাবস্থায় অংগ্রহণ করছে না, কিন্তু উভয় দল মাওলানা ফজলকে সমর্থন করছে। এমনকি তারা তাকে তাদের সরকারবিরোধী কর্মসূচির জন্য অর্থ সরবরাহ করছে।

প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, মাওলানা ফজল মাদ্রাসার নিষ্পাপ শিশুদের সরকারের বিরুদ্ধে ব্যবহার করছেন।

এদিকে জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমার গ্রেপ্তারের ভয় নেই, আমি যদি গ্রেপ্তার হই, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। সরকার মাদরাসা ইস্যু উত্থাপন করে বৈশ্বিক সমর্থন চাইছে। আমরা স্পষ্ট বলতে চাই, ক্ষমতায় আর অবৈধ সরকার থাকতে পারবে না।

শনিবার এক সংবাদ সম্মেলনে ইমরান খান সরকারের পতন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদের কৌশল স্থির থাকবে না। আমরা যে কোনো পরিস্থিতি সামলাতে কৌশল পরিবর্তন করতে পারি।

আগের সংবাদরাজধানীর মিরপুরে জাতীয় লেখক পরিষদ-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদমোদি-হাসিনা বৈঠক : সাত সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন