ঘুষ দাতা-গ্রহীতা সবার বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

ঘুষ দাতা-গ্রহীতা সবাই অপরাধী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। সংসদে বুধবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানও জানান। দুর্নীতিবাজদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর পরিচয় যাই হোক- ছাড় পাবে না।

একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ২য় দিনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দর্নীতি দমন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিষবৃক্ষ নির্মূলে বদ্ধপরিকর। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের ফলে বিভিন্ন দফতর ও বিভাগে দুর্নীতি কমার পাশাপাশি সাধারণ মানুষও অপরাধের বিরুদ্ধে সচেতন হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দুদক বা পুলিশ বাহিনীর কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি বিতর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাকে স্বপদে থেকেই অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিতে আরো ধান-চাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। সারের দামে ভর্তুকি দেয়ার পাশাপাশি কম দামে কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ পাচ্ছেন কৃষক। দেশে ১৯ লাখ টন খাদ্যশস্য মজুদের সক্ষমতা বাড়িয়ে ২৮ লাখে উন্নীত করার পরিকল্পনাও জানান সরকার প্রধান।

আগের সংবাদঈদযাত্রায় ২১২ দুর্ঘটনায় নিহত ২৪৭
পরবর্তি সংবাদচিকিৎসা শেষে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী