
ফাতেহ ডেস্ক
গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য হাসান ও সোহেলের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ। অপরদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
গত ২ এপ্রিল হাইকোর্টের দেয়া তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাদের তদন্তকারী কর্মকর্তাদের সহযোগিতা ও জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় এ মামলা করেন।
