
ফাতেহ ডেস্ক
আজ (২ মার্চ শনিবার) বিকাল ৩টায় কেরাণীগঞ্জের শরীয়তিয়া দারুল উলূম মাদরাসা মিলনায়তনে শরীয়তপুর উলামা পরিষদ ঢাকার উদ্যোগে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডে শহিদ মুফতি ওমর ফারুক রহ.-সহ আহত-নিহত ও ক্ষতিগ্রস্থদের জন্য করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসার শিক্ষক মুফতি আকরাম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওমর ফারুক রহ.-এর বাবা জনাব আব্দুল করিম।
সভায় বক্তারা বলেন, মুফতি ওমর ফারুক ছিলেন একজন নিভৃতচারী দ্বীনের সেবক। জীবনের নানান টানা পোড়েনের মধ্যেও তিনি ইলমে দ্বীন পঠন-পাঠদানকেই অগ্রাধিকার দিয়েছিলেন। দারিদ্রতার কাছে তিনি নত হননি কখনো। জীবনের শেষবিন্দু পর্যন্ত বাবা-মায়ের দেখাশুনা করে দোয়া লাভ করেছিলেন তিনি।
মরহুমের বাবাকে সান্ত্বনা দিয়ে তাঁরা বলেন, এক ওমর ফারুক হয়তো আপনি হারিয়েছেন কিন্তু শত শত ওমর ফারুক আজ আপনার পাশে রয়েছে। শরীয়তপুর উলামা পরিষদ অন্যান্য সকলের সাথে সমন্বয় করে আপনাদের যাবতীয় সমস্যা সমাধানে পাশে থাকবে ইনশাআল্লাহ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর উলামা পরিষদ ঢাকার সেক্রেটারি, সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ রমজান আলী, জয়েন্ট সেক্রেটারী মুফতি আরিফ আহমাদ, প্রচার সম্পাদক মুফতি আখতারুজ্জামান প্রমূখ।
আলোচনা সভাশেষে সকল নিহতের মাগফেরাত ও আহতদের রোগমুক্তির জন্য দোয়া করা হয়। অতঃপর উলামা পরিষদের নেতৃবৃন্দ শহীদ ওমর ফারুকের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন।
