চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইটে গেলেন ৪১০ জন হজযাত্রী

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১০ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। রবিবার (৭ জুলাই) সাড়ে ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩২০৯ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ছেড়ে যায়। বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবির এ তথ্য জানিয়েছেন। এবার শাহ আমানত বিমানবন্দর হয়ে প্রায় ১০ হাজার যাত্রী হজে যাবেন বলে তিনি জানান।

কাজী খায়রুল কবির বলেন, ‘চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট বিকেল ৪টা ৩২ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। ৪১০ জন যাত্রী নিয়ে বিমানটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।’

তিনি বলেন, এ বছর শাহ আমানত বিমানবন্দর থেকে মোট ১৯টি ফ্লাইটে হজ যাত্রীরা মক্কা-মদিনায় যাবেন। এর মধ্যে জেদ্দায় ১২টি, মদিনায় যাবে ৯টি ফ্লাইট। ১৯টি ফ্লাইটে প্রায় ১০ হাজার জনের হজে যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৮০০ জন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকেট নিয়েছেন।

আগের সংবাদকুলখানির খিচুড়ি খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ জন
পরবর্তি সংবাদহৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু