
ফাতেহ ডেস্ক
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদের জন্য ডা. শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার রাতে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডা. শাহাদাত হোসেন বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার জানান, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
শামসুদ্দিন দিদার বলেন, বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে ডা. শাহাদাত হোসেনকে। আর এছাড়াও বগুড়া-১ আসনের উপনির্বাচনে একেএম আহসানুল তৈয়ব জাকির এবং যশোর-৬ আসনের উপনির্বাচনে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৯ মার্চে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। আর একইদিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। চসিকে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর দুটি সংসদীয় আসনে ব্যালটের মাধ্যমে।
-এ
