ফাতেহ ডেস্ক :
টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) ২০২০ সালে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের ইজতেমা। আসন্ন ইজতেমা উপলক্ষে প্রচণ্ড শীত উপেক্ষা করে কাজ করছেন মুসল্লিরা। ইজতেমা মাঠের ময়লা আবর্জনা পরিষ্কার, মাটি কাটা, খুঁটি পোঁতা, সামিয়ানা তৈরি, চট বাঁধাই, বয়ান মঞ্চ, বিদেশিদের কামরা নির্মাণসহ নানা ধরনের কাজ করছেন তারা।
ইজতেমা মাঠের শুরাপন্থী সাথীদের মুরুব্বি ডা. কাজী সাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘দেশি-বিদেশি ওলামা মাশায়েখগণ বিশেষ করে বিদেশি মেহমান যথা সৌদি আরব, মালয়েশিয়া ও রাশিয়াসহ বিভিন্ন দেশের মুসল্লিরা বাংলাদেশে অবস্থান নিয়ে দিনের দাওয়াতের কাজ করছেন। ইজতেমার ময়দানের সব কাজ দ্রুত এগিয়ে চলেছে। গাজীপুর সিটি করপোরেশন ও স্থানীয় সংসদ সদস্য ইজতেমা আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছেন।’
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘এবারও বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের সেবায় গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে ময়দানে বালি ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন কাজ করেছে সিটি করপোরেশন। আমি নিজে প্রতিদিন ময়দানে কাজের খোঁজ-খবর রাখছি।’
মেয়র বলেন, ‘আগামী ৭ জানুয়ারির মধ্যে ইজতেমার ময়দানের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। ইজতেমার ময়দানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবাসহ মুসল্লিদের বিভিন্ন সেবা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার ৫৫তম পর্বটি অনুষ্ঠিত হবে। ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ১৭ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব।
