
ফাতেহ ডেস্ক:
চলতি মাসের শেষ সপ্তাহেই ইরাক থেকে এক-তৃতীয়াংশ মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন শীর্ষ কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ইরাকে অবস্থান করা পাঁচ হাজার দুইশ মার্কিন সেনার মধ্যে ২২শ’ সেনাকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফিরিয়ে নেয়া হবে। বাকিরা ইরাকি নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটকে চূড়ান্তভাবে নির্মূল করা পর্যন্ত পরামর্শ এবং সহায়তা অব্যাহত রাখবে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব ইরাক থেকে তাদের সেনা সদস্যদের ফিরিয়ে আনবেন। ২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময় ট্রাম্প জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যুদ্ধ শেষ হয়ে যাওয়া দেশগুলো থেকে সৈন্যদের সরিয়ে নিয়ে আসবেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবারও ইরাক থেকে নিজ সেনাদের ফিরিয়ে আনার ঘোষণা দিলেন ট্রাম্প প্রশাসন।
