চার ধরনের ডেঙ্গু আতঙ্কে দেশ

ফাতেহ ডেস্ক

ডেঙ্গু আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডেঙ্গুর চার সেরোটাইপের উপস্থিতি পাওয়া গেছে। ডেঙ্গুর চার ধরনের সেরোটাইপ রয়েছে (ডিইএনভি-১, ডিইএনভি-২, ডিইএনভি-৩ ও ডিইএনভি-৪)।

আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডেঙ্গুর কোন সেরোটাইপে মানুষ আক্রান্ত হচ্ছে সে বিষয়ে গবেষণা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ। এ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, ২০০০ সালের ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় দেশের প্রথম ডেঙ্গু সেরোটাইপ নির্ণয় করা হয়। পরবর্তীতে ২০১৩-১৬ সাল পর্যন্ত এ সংক্রান্ত গবেষণা পরিচালিত হয়েছে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত ৬ হাজার ১২৯ জনের মধ্যে ১ হাজার ২৭৮ জনের ডেঙ্গু ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষ অনুপাত ১ : ২ দশমিক ৭। বর্তমানে চার ধরনের বা সেরোটাইপের ডেঙ্গু ধরা পড়ছে।

আক্রান্তদের মধ্যে বেশির ভাগই পুরুষ। ৭৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৫ জনের ডিইএনভি-৪ পাওয়া গেছে। ১৬-৩০ বয়সের মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মধ্যে ২৬ শতাংশ এনএস১ পজিটিভ, ৬ শতাংশ আইজিএম পজিটিভ, ৫ শতাংশ আইজিএম ও আইজিজি পজিটিভ। ১০০ জন আইজিএম ও আইজিজি পজিটিভ রোগীর মধ্যে মাত্র ৫ শতাংশের ডেঙ্গু হেমোরিজিক হওয়ার আশঙ্কা থাকে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (সংক্রামক ব্যাধি) অধ্যাপক ডা. বেনজীর আহম্মেদ বলেন, আক্রান্তদের টাইপিং শনাক্ত হলে রোগ ব্যবস্থাপনা সহজ হয়। তবে রোগী পর্যায়ে টাইপিং নির্ণয় সম্ভব নয়।

গবেষণা উপস্থাপনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে ডেঙ্গু সেল গঠন করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ৯৬ জন রোগী ভর্তি রয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলে। শিশু বহির্বিভাগে গত দুই সপ্তাহে ২০০ ডেঙ্গু রোগী চিহ্নিত হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন ভর্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বলেন, যথাযথ চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু রোগীর মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৫ জন। এর মধ্যে ঢাকার বাইরে ৩৬১ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৬৯ জন। মারা গেছেন ৮ জন। তবে বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

আগের সংবাদরাজ্যসভাতেও বিল পাস : তিন তালাক দিলেই তিন বছরের কারাদণ্ড
পরবর্তি সংবাদরোহিঙ্গা ভাষায় খবর ও অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে ভয়েস অব আমেরিকা