
ফাতেহ ডেস্ক:
আগামী ৩১ অক্টোবর চালু হচ্ছে চট্টগ্রাম টু মদিনা সরাসরি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে এ ফ্লাইট চালু হচ্ছে। ৩১ অক্টোবর থেকে চট্টগ্রাম-মদিনা রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজে যাত্রী পরিবহন শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে চলবে একদিন। প্রতি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে মদিনাগামী ফ্লাইট। খবর জাগো নিউজ।
বিমান সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম থেকে মদিনা রুটে দেশি-বিদেশি বিমান সংস্থার সরাসরি কোনো ফ্লাইট নেই। বর্তমানে চট্টগ্রামের যাত্রীদের ঢাকা বিমানবন্দর হয়ে মদিনা যেতে হচ্ছে। আর চট্টগ্রাম থেকে গেলে দুবাই বা জেদ্দা পৌঁছে সেখান থেকেই মদিনা যেতে হয়। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় মদিনা যাওয়া অনেক বেশি সহজ হবে চট্টগ্রামের যাত্রীদের। নতুন রুটে ওমরা হজ করাটাও এখন অনেক বেশি সহজ হবে। এতে শুধু ফ্লাইট ভাড়া কমবে ১০ হাজার টাকা, সঙ্গে সময় সাশ্রয় হবে এবং ভোগান্তি কমবে।
জানা গেছে, নতুন রুটে একজন যাত্রীর বাংলাদেশ বিমানে চট্টগ্রাম-মদিনা যেতে খরচ হবে সর্বনিম্ন ৩৩ হাজার টাকা; আর ফিরতি পথে খরচ হবে ২৭ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম বিমান ভাড়া পড়বে সর্বনিম্ন প্রায় ৬১ হাজার টাকা। আর চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম বিমান ভাড়া পড়বে সর্বনিম্ন ৭১ হাজার টাকা।
ভ্রমণ তারিখের যত কাছের সময়ে টিকিট কাটা হবে ততই খরচ বেশি পড়বে। আর আগেভাগে টিকিট কাটলে চট্টগ্রাম-মদিনা রুটে ভ্রমণ করলে অন্তত ১০ হাজার টাকা সাশ্রয় হবে।
