ফাতেহ ডেস্ক:
চিকিৎসকদের উদ্দেশে এক বিশেষ বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আপনারা চিকিৎসক, আপনারা মানুষের পরমবন্ধু। মানুষ অসুস্থ হলেই আপনাদের শরণাপন্ন হয়, আপনারা তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদের কথাগুলো সময় নিয়ে শুনবেন, তাদের অভয় দিবেন, আশ্বস্ত করবেন তবেই দেখবেন রোগীরা আপনার প্রথম সাক্ষাতেই অনেকাংশে সুস্থ হয়ে যাবে। আপনার এবং আপনার পরিবারের জন্য প্রাণখুলে দোয়া করবে। হাদিসে বর্ণিত আছে যে, রোগীর দোয়া আল্লাহ তায়ালা কবুল করেন।
আজ বুধবার ১ জানুয়ারি বেলা ২টায় দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালকের কার্যালয়ে বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে চিকিৎসকদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে এই বক্তব্য পেশ করেন তিনি।
বক্তব্যে তিনি আরো বলেন, সেবার নিয়্যতে মানুষকে চিকিৎসা দিন তাহলে হালাল রুজির পাশাপাশি এটা ইবাদত হিসেবে গণ্য হবে। সেবার মনমানসিকতা নিয়ে কাজ করুন,তবেই উভয় জাহানে কামিয়াব হবেন, ইনশাআল্লাহ।
আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ও চিকিৎসাসেবা ক্যাম্পের আহবায়ক মাওলানা আনাস মাদানী, ডা.মীর ইসমাইল, মাওলানা শফিউল আলম, মাওলানা জাহেদুল্লাহ খান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল হামিউসসুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা নোমান ফয়জি, দারুল উলুম হাটহাজারীর মুহাদ্দিস মাওলানা শেখ আহমদ সাহেব, মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা ওমর কাসেমী, মাওলানা মুফতি জসিমুদ্দীন, ক্বারী মঈনুদ্দীন ও আমন্ত্রিত চিকিৎসকবৃন্দ।
প্রসঙ্গত, গত ৬, ৭ ও ৮ ডিসেম্বর ২০১৯ হাটহাজারী চারিয়াস্থ ইজতেমার ময়দানে ৩দিনব্যাপী পরিচালিত ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে ৭ হাজারের অধিক মুসল্লিকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ঔষধ প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে হাটহাজারীর ও চট্টগ্রামের ১৫ জনের অধিক চিকিৎসক স্বেচ্ছায় ফ্রি চিকিৎসা প্রদান করেন আর তাদের সহযোগিতা করে ওয়ান ডায়াগনষ্টিক সেন্টার।
