চিকিৎসার জন্য লন্ডন যেতে জামিন চাইলেন খালেদা

ফাতেহ ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কথা উল্লেখ করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে ফের হাইকোর্ট বিভাগে আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করা হয় বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী সগীর হোসেন লিওন।

পরে সগীর হোসেন লিয়ন বলেন, উন্নত চিকিৎসার নিতে লন্ডন যাওয়ার যুক্তি দেখিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন চেয়ে আবারো হাইকোর্টে আবেদন করেছেন।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে করা জামিন আবেদনে যুক্তিতে বলা হয়েছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার উন্নত চিকিৎসা হচ্ছে না। তাই জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন।

তবে এর আগেও চ্যারিটেবল মামলায় ২০১৯ সালের ৩১ জুলাই হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন। এরপর তারা আপিল করেন। ওই আপিলও খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

২০১৯ সালের ৩০ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে, অর্থদণ্ড স্থগিত এবং সম্পত্তি জব্দের ওপর স্থিতাবস্থা দিয়ে দুই মাসের মধ্যে ওই মামলার নথি তলব করেছিলেন। এরপর ২০ জুন বিচারিক আদালত থেকে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়।

২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

-এ

আগের সংবাদফ্লাইওভার থেকে ছিটকে পড়ল চলন্ত গাড়ি, নিহত ১
পরবর্তি সংবাদ৬০ দিনের মধ্যে সব কারখানায় ‘মাতৃদুগ্ধপান কর্ণার’ করার নির্দেশ