
ফাতেহ ডেস্ক
চিলিতে একটি বাড়ির উপর বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণের লা পালোমা অ্যারোড্রোমের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর: খালিজ টাইমস।
দেশটির দক্ষিণাঞ্চলীয় পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে একটি বাড়ির উপর বিমানটি বিধ্বস্ত হয়। পরে পুরো বাড়িটিতে আগুন ধরে যায়।
বিধ্বস্তের খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে নামে চিলির দমকল বাহিনীর সদস্যরা। তাদের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় বিমানে থাকা পাইলটসহ ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন।
এ দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
