
ফাতেহ ডেস্ক
নারায়ণগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছে অজ্ঞাত এক যুবক (২৫)। শনিবার সকালে সদর উপজেলার মিজমিজি আল আমিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টার দিকে মিজমিজি আল আমিন নগর এলাকার রাজমিস্ত্রি সোহেলের মেয়ে সাদিয়া (৭) স্কুলে যাওয়ার পথে নিহত যুবক তার হাতে ধরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে জিজ্ঞেস করলে সে অসংলগ্ন কথাবার্তা বললে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে।
এক পর্যায়ে তাকে গণপিটুনি দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
