
আন্তর্জাতিক ডেস্ক
চলতি সপ্তাহে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বালাকোট শহরের বাইরে ভারতের বিমানবাহিনীর হামলায় কথিত জঙ্গি ঘাটি ধ্বংস ও ব্যাপকসংখ্যক বিদ্রোহী নিহত হওয়ার যে দাবি ভারত করেছে, তার পক্ষে কোনো প্রমাণ হাজির করা হবে না বলে জানিয়েছেন ভারতের এক শীর্ষ মন্ত্রী। খবর রয়টার্সের।
পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা উসকে দেয়া ওই হামলায় ব্যাপক হতাহতের খবর নিয়ে সন্দেহ বেড়ে যাওয়ার মধ্যে ভারতীয় মন্ত্রী এমন দাবি করলেন।
পাকিস্তানে আটক ভারতীয় যুদ্ধবিমানের পাইলটকে শুক্রবার রাতে ফেরত দেয়ার পর উত্তেজনায় কিছুটা পিছুটান দেখা দিয়েছে। এ ছাড়া বিশ্বশক্তিগুলোও দুই চিরশত্রুর মধ্যে আরেকটি যুদ্ধ যাতে না বেধে যায়, সে চেষ্টাই করেছে।
তবে নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কামান ও মর্টারের ভারী গোলাবর্ষণ চলছে। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে একটি আধাসামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪৪ জওয়ান নিহত হওয়ার মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরু।
ভারতের অভিযোগ, হামলার দায় স্বীকার করা জইশ-ই-মোহাম্মদের সদস্যদের আশ্রয় দিয়েছে পাকিস্তান।
বালাকোট শহরের বাইরে বিদ্রোহীদের বিশাল ক্যাম্পে ভারত বোমা ফেলে গুঁড়িয়ে দেয়া ও ২০০-৩০০ বিদ্রোহী হত্যার দাবি করলেও পাকিস্তান বলছে, সেখানে এমন কোনো ক্যাম্পের অস্তিত্ব নেই।
এমনকি স্থানীয় গ্রামবাসীও বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমন দাবি করেছে। বুধবার পাকিস্তান এ হামলার প্রতিশোধ নিয়েছে।
পাকিস্তানের দাবি, একটি বিস্তৃত খালি পাহাড়ি অঞ্চলে বোমা ফেলে পালিয়ে গেছে ভারতীয় বিমান। এতে কেউ হতাহত হয়নি। ভারতের বিরোধী দলগুলোও হামলার পক্ষে প্রমাণ থাকলে তা সরকারকে হাজির করতে বলেছে।
এইচআর/
