
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের দুটি পবিত্র স্থানে জমজমের পানি পান করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী জমজমের পানি পান করার সময় ধাক্কাধাক্কি এড়িয়ে চলা ও অন্যকে সহযোগিতার কথা বলা হয়েছে। এ ছাড়া পানি পান করার সময় বয়স্কদের অগ্রাধিকার দিতে হবে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, জমজমের পানি পান করার পর ওয়ান টাইম কাপগুলো নির্ধারিত স্থানে ফেলতে হবে। আর পান করার সময় তা সতর্কতার সঙ্গে করতে হবে, যেন মেঝেতে পানি না পড়ে। কারণ মেঝেতে পানি পড়লে খুব দ্রুত পরিবেশ নোংরা হয়ে যায়।
জমজমের পানি মূলত মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে বিতরণ করা হয়। নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে এসব নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমেই ওমরাহ ও হজযাত্রীরা নির্দিষ্ট পরিমাণ জমজমের পানির জন্য বুকিং দিতে পারেন। সম্প্রতি বাংলাদেশিদের জন্যও নুসুক অ্যাপটি উন্মুক্ত করেছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।
