জমিয়তের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

ফাতেহ ডেস্ক:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

ফাতেহ টুয়েন্টি ফোরকে রাত বারোটা বিশ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির অফিস সম্পাদক মাওলানা আবদুল গাফফার।

এর আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন আল্লামা নূর হোসাইন কাসেমী গতকাল (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক হয়। আজ দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

আজ সকাল নয়টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

আগের সংবাদআল্লামা কাসেমীর জানাজা বায়তুল মোকাররমে
পরবর্তি সংবাদআল্লামা কাসেমীর জানাযা পড়াবেন ছোট ছেলে মুফতি জাবের