
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অবরোধের ডাক দিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। আগামী ২৭ অক্টোবর ‘আজাদী মার্চ’ নামে ওই অবরোধ কর্মসূচি পালিত হবে।
এ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নির্দেশে জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমান সরকারের বিরুদ্ধে ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে পারবে না। পিপিপি ও পিএমএল-এন ইসলামাবাদ অচলাবস্থায় সরাসরি অংশ নিচ্ছে না কারণ এ সরকারবিরোধী কর্মসূচি ব্যর্থ হলে এর দায় তাদের ওপর পড়বে না। পুরো দায় জমিয়তে উলামায়ে ইসলামের ওপর বর্তাবে।
প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, সরকার বিশ্বাস করে ধর্মীয় শিক্ষার্থীরা আমাদের সন্তান, কিন্তু তারা ফজলুর রহমানের মতো লোকের কারণে ভুলপথে পরিচালিত হচ্ছে। কিন্তু তার বোঝা উচিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সরকারের জয় হয়েছে। তিনি ধর্মকে পুঁজি করে সরকারের কোনো ক্ষতি করতে পারবেন না। মাওলানা ফজলুর রহমান পিপিপি ও পিএমএল-এন উভয়ের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে সরকারের বিরুদ্ধে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ নেতারা টিভি শোতে বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলামের ২৭ অক্টোবরে ডাকা ইসলামাবাদ অচল করার কর্মসূচিকে প্রধানমন্ত্রী ইমরান খান ভয় পান না।
