আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের জবর দখলে থাকা জম্মু ও কাশ্মীরে ২০১৯ সালে সর্বোচ্চ সংখ্যক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যমগুলো যেটাকে পাথর নিক্ষেপের ঘটনা হিসেবে অভিহিত করছে। তথ্যাধিকার আইনে করা আবেদনের প্রেক্ষাপটে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে, তাতে দেখা যায়, ২০১৭ ও ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালেই সবচেয়ে বেশি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। আর তা বেড়েছে আগস্টে রাজ্যটির বিশেষ মর্যাদা বাতিল করার পর। জুলাই মাসে পাথর নিক্ষেপের ২৬টি ঘটনা ঘটলেও ওই ঘটনার পর ঘটেছে ৬৫৮।
গত ৫ আগস্ট দুটি বিলের মাধ্যমে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও এটিকে বিভক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর এলাকাটির ওপর নজিরবিহীন বিধিনিষেধ আরোপ ও যোগাযোগব্যবস্থা অচল করে দেয়া হয়।
জম্মুর অধিবাসী রোহিত চৌধুরী তথ্যাধিকার আইনে এ বিষয়ে জানতে চেয়েছিলেন।
২০১৭ ও ২০১৮
২০১৭ ও ২০১৮ সালে পাথর নিক্ষেপের ঘটনা ছিল যথাক্রমে ১,৪১২ ও ১,৪৫৮। আর গত বছরের নভেম্বর পর্যন্ত তা ছিল ১,৯৯৬টি।
কাশ্মীরিদের বিক্ষোভ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যানুযায়ী, জানুয়ারি-নভেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে স্বাধীনতার দাবিতে কাশ্মীরিদের বিক্ষোভ ও সশস্ত্র তৎপরতার (ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে সন্ত্রাসী সহিংসতা বলে দাবি করে) ঘটনা ঘটেছে ৫৯১টি। আরটিআইয়ের জবাবে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিক্ষোভ ও সশস্ত্র তৎপরতার ঘটনা ঘটেছিল ২৮২টি। আর আগস্ট থেকে-নভেম্বর পর্যন্ত ঘটেছে ৩০৯টি।
জম্মু ও কাশ্মীরে ৫ আগস্ট পর্যন্ত সরকারি হিসাবে প্রায় ৪৩ হাজার সেন্ট্রাল আর্মড পুলিশ সদস্য মোতায়েন ছিল। ১৯৯০-এর দশক থেকে এটিই সর্বোচ্চ সংখ্যা। ডিসেম্বরে প্রায় সাত হাজার সদস্যকে প্রত্যাহার করা হয়।
সূত্র: দ্য হিন্দু
