
ফাতেহ ডেস্ক
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি জলাশয় থেকে ঘাড়ভাঙা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্ত্রহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে একটি হাফ হাতা সাদা গেঞ্জি ও সবুজ রঙের লুঙ্গি পড়েছিল।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) আতিকুর রহমান রাসেল জানান, এক পথচারী ওই জলাশয়ে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই সেখানে গিয়ে ঘাড় ভাঙা অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তবে তার শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
