জাতীয় সংগীতের সুরে হামদ গাওয়ায় মাদরাসা বন্ধ করে দিলো প্রশাসন!

ফাতেহ ডেস্ক:

জাতীয় সংগীতের সুরে ইসলামী সংগীত (হামদ) পরিবেশনের অভিযোগে দারুল কোরআন আল আরাবিয়া নামের একটি মাদরাসার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সিদ্ধেশ্বরী এলাকার ওই মাদরাসার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, উপজেলার সিদ্ধেশ্বরী দারুল কোরআন আল আরাবিয়া মাদরাসার মুহতামিম নাজিবুল্লাহ আফসারী জাতীয় সংগীতের সুর ব্যবহার করে একটি ইসলামী সংগীত পরিবেশনা করে তার নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেন। এতে বিষয়টি কর্তৃপক্ষসহ গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

রোববার খবর পেয়ে ঘটনাস্থলে যান মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস এবং থানার ওসি নাহিদ আহাম্মেদ। তবে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে পাওয়া যায়নি।

এ সময় মাদরাসার কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে এবং ওই শিক্ষককে তার ফেসবুক আইডিসহ ইউটিউব চ্যানেল থেকে ওই সুরে গাওয়া সংগীতটি মুছে ফেলতে নির্দেশ প্রদান করা হয়। এ সময় কাগজপত্র এবং অনুমোদন নিয়ে ওই মাদরাসা চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়।

আগের সংবাদসোমবার বসছে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান
পরবর্তি সংবাদআর্মেনিয়াকে অস্ত্র দিচ্ছে আমেরিকা, রাশিয়া ও ফ্রান্স : এরদোগান