জার্মানিতে মসজিদের নিরাপত্তা জোরদার

ফাতেহ ডেস্ক

জার্মানিতে কয়েক লাখ মুসলিম বসবাস করলেও, অনেকেই আছে নিরাপত্তাহীনতায়। এজন্য সেন্ট্রাল বার্লিনের একটি মসজিদে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে, যেন ওই মসজিদে নামাজ আদায় করতে গিয়ে সবাই নিজেদের নিরাপদ মনে করেন।

সেন্ট্রাল বার্লিনের ওমর ইবন খাত্তব মসজিদ। যেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। মসজিদে ঢোকার সময় চলছে সব ব্যাগের তল্লাশি। আর নামাজ চলাকালে বাইরে নজরদারি করছেন নিরাপত্তাকর্মী। কর্তৃপক্ষ বলছে, মূল উদ্দেশ্য যেন এখানে নামাজ আদায় করতে আসা ব্যক্তিরা নিজেদের নিরাপদ মনে করেন।

ওমর ইবন খাত্তব মসজিদের ব্যবস্থাপক বাইরল উকজান বলেন, এখানে বিভিন্ন রকম মানুষ আছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাগ তল্লাশি করা হয়। সেই সাথে সবার দিকে নজর রাখা হয় যেন কোন বিশৃঙ্খলা না হয়।

ইসলামোফোবিয়া বা ইসলামের প্রতি ভীতি থেকে চারপাশে বিভিন্ন হামলার কারণে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে মসজিদটি।

মসজিদে নিয়োজিত একজন নিরাপত্তাকর্মী বলেন, সম্প্রতি বিশ্বজুড়ে জুমার নামাজের সময় অনেক হামলার ঘটনা ঘটেছে। এটা ভাল যে বার্লিনের মত শহরে এই মসজিদে এমন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এতে মানুষ এখানে নিরাপদ মনে করবে।

২০১৫ সাল থেকে জার্মানিতে সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে শরনার্থী প্রবেশের পর, গত কয়েক বছরে দেশটিতে মুসলিমদের ওপর হামলার হার বেড়েছে। এতে উদ্বিগ্ন আর আতঙ্কিত জার্মানির মুসলিমরা।

সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমস ইন জার্মানির সাধারণ সম্পাদক আব্দাস সামাদ আল ইয়াজিদি বলেন, জার্মানিতে ইসলামোফবিয়া বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, ২০১৭ সালে এক হাজারের বেশি হামলা হয়েছে মুসলিমদের ওপর। অনেক হামলার হিসাবই নেই, যেই সংখ্যাটা অনেক বড়ও হতে পারে।

২০১৮ সালে জার্মানিতে মুসলিমের সংখ্যা ছিলো সাড়ে চল্লিশ লাখে, যা জার্মানির পুরো জনসংখ্যার ৫ শতাংশ।

-এ

আগের সংবাদঢাকা আসছেন মাওলানা মাহমুদ মাদানী
পরবর্তি সংবাদআফগানিস্তানে যুক্তরাষ্ট্র-তালেবানদের যুদ্ধবিরতি শুরু