জায়রা ওয়াসিমের বিদঘুটে সমালোচনায় তসলিমা নাসরিন

ফাতেহ ডেস্ক

বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমের সিনেমা ছাড়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিন তার এক টুইট বার্তায় জানান, ’তরুণ এই অভিনেত্রীর বিবৃতি রীতিমতো রোমহর্ষক! বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জায়রা ওয়াসিম এখন অভিনয় ছেড়ে দিতে চান। কারণ তিনি মনে করেন অভিনয় ক্যারিয়ার আল্লাহর প্রতি তার বিশ্বাসকে ধ্বংস করছে। কী একটি বেকুবি সিদ্ধান্ত! মুসলিম সমাজে অনেক প্রতিভাকে বোরকা অন্ধকারে যেতে বাধ্য করছে।’

সম্প্রতি কলকাতার নায়িকা নুসরাত জাহানের হিন্দু ধর্মমতে বিয়ে ও সিঁদুর পরা নিয়ে মন্তব্য করেন সেখানকার কয়েকজন ইসলামি ব্যক্তিত্ব। এর আগে ওই বিষয়েও টুইট করেন তসলিমা নাসরিন।

উল্লেখ্য, দুই দিন আগে জায়রা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, পাঁচ বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা চিরকালের জন্য তার জীবন বদলে ফেলেছে। যে মুহূর্তে বলিউডে পা রেখেছিলেন, তার জন্য বিশাল জনপ্রিয়তার দরজা খুলে যায়। তিনি সাধারণ মানুষের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠছিলেন, সাফল্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল এবং প্রায়ই তাকে তরুণদের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু তিনি যা করতে চেয়েছিলেন বা হতে চেয়েছিলেন- তার কোনোটা এসব নয়। সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে নতুন করে তা বুঝতে শুরু করেছেন।

জায়রা লেখেন, “আমি বুঝতে পেরেছি আমি অনেক দিন ধরে অন্য একজন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব, কিন্তু আমি এর জন্য নই। এই জগৎ আমাকে অনেক ভালোবাসা, সমর্থন, প্রশংসা দিয়েছে, কিন্তু এই জগৎ আর যেটা করেছে তা হলো আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।”

এরপর জায়রা লেখেন, “কোরআনের বিশাল ও ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়।”

২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ছিল তার একক সিনেমা। দুই ছবিই দেশ-বিদেশে দারুণ ব্যবসা করেছেন। মার্চে শেষ করেছেন ‘দ্য স্কাই ইজ পিংক’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ১৮ বছরের জায়রা। মাত্র দুই সিনেমার জন্য তিন জাতীয়, ফিল্মফেয়ার-সহ বেশ কিছু পুরস্কার জিতেছেন।

আগের সংবাদসমন্বয় করতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদহজ চিকিৎসক দলের ৫৪ নার্সের মনোনয়ন বাতিল করলো ধর্ম মন্ত্রণালয়