
ফাতেহ ডেস্ক
লাইসেন্সবিহীন ও লাইসেন্সধারী যে-কয়টি কোম্পানি ঢাকায় দুধ ও দই বাজারজাত করছে তার তালিকা দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিএসটিআইকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আগামী ১৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।
শুনানিতে আদালত প্রথমে বিএসটিআইয়ের আইনজীবী সরকার এম আর হাসান ও কর্মকর্তা নুরুল ইসলামের বক্তব্য শোনেন।
তারা বলেন, পাস্তুরিত দুধ ও দই বাজারজাতকরণের জন্য ১৮টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হয়েছে। এই ১৮টি দেখভাল করার দায়িত্ব বিএসটিআইয়ের। এর বাইরে কারা দুধ ও দই বাজারজাত করছে সেটা দেখার দায়িত্ব বিএসটিআইয়ের নয়।
আদালত বলে, ‘লাইসেন্সগুলো দেখার দায়িত্ব আপনাদের হলে লাইসেন্সবিহীনগুলোও দেখার দায়িত্ব আপনাদের মধ্যে পরে। কিন্তু আপনার বলছেন, দেখার দায়িত্ব আপনাদের না। আপনাদের এই বক্তব্য এফিডেভিট আকারে আদালতে দাখিল করুন।’
বিএসটিআইয়ের আইনজীবী আরও বলেন, ঢাকায় অভিজাত দোকানগুলোতে এই ১৮টি কোম্পানির দুধ ও দই ছাড়া লাইসেন্সবিহীন কোম্পানির দুধ ও দই বিক্রি হয় না।
তখন আদালত ড. শাহলীনার দাখিল করা প্রতিবেদন দেখিয়ে বলে, গুলশানের অভিজাত দোকানগুলোতে লাইসেন্সবিহীন কোম্পানির দুধ বিক্রির কথা উল্লেখ রয়েছে। আপনার বক্তব্য সঠিক নয়।
